নৈসর্গিক বাংলাকে নিয়ে লেখা কবিতা
জন্মভূমির টানে
©সুজিত সাহু
---------------------------
আবার আসিব ফিরে আঁকাবাঁকা নদী তীরে এই বাংলায়
হয়তো বা মানুষ হয়ে নয়তো বা শ্বেত হংসের বেশে।
সেদিনও কোনো এক বসন্ত পঞ্চমীর ভোরে মন গেয়ে উঠবে
মা বিনাপানী সুরদায়িনীর সারস্বত চিরন্তন সুর।
হয়তো কোন এক শীতের কুয়াশাচ্ছন্ন আবছা ভোরে
ভেসে বেড়াবো দীঘির শতদলের আসে পাশে।
আবার আসিব ফিরে এই মায়াভরা বাংলায় জন্মভূমির টানে
আমারে যে পাবে তুমি বাংলার মেঠো কোন এক পথের বাঁকে।
আমি বেঁচে থাকবো বাংলার মাটির ধুলার অনু পরমাণুতে মিশে
যেথায় অবোধ শিশুরা খেলা করবে মৃত্যুঞ্জয়ী বুদ্ধের বেশে।
জাতিস্মর
©সুজিত সাহু
-----------------
আজ হতে অনেক জন্ম পরে আসবো ফিরে
হয়তো বসন্তের পড়ন্ত কোন এক শান্ত বিকেলে।
জন্মভূমির অমোঘ টানে কাশ ফুলে ভরা মেঠো পথে
যেথায় শিশুরা খেলা করবে আপন মনে বিভোর হয়ে
প্রকৃতিও এসে যোগ দেবে তাতে চিরন্তন নিয়মে।
নশ্বর দেহ বিলীন হবে নিয়ম মেনে পঞ্চভূতে
আত্মা বেঁচে থাকবে অবিনশ্বর অর্ধনারীস্বর হয়ে
প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে।
আজকের মোহ মায়া ভালোবাসা সবকিছু যাবে হারিয়ে
শুধু থেকে যাবে ভালোবাসায় ভরা সৃষ্টি তার নিয়মে।
বন্ধু তোমরা সেদিন গাইবে গান অন্য কোন সুরে
ভুলে যেওনা সৃষ্টির সুর চলে তার আপন নিয়মে।
এই পৃথিবী থেকে নিয়েছি অনেক দিয়েছি কি কিছু?
প্রশ্ন তোমাদের কাছে দিয়ো উত্তর সময় সুযোগ করে।
ভ্রান্ত পথিক হয়ে জীবনতরী ভাসিয়ে ছিলাম মোহনার দিকে
সে তরী দিকভ্রান্ত হয়ে মাঝপথে গেছে ডুবে জীবনসমুদ্রে।
বন্ধু তোমাদের কাছে মোর একটাই আবদার
জীবনপথে ভুলে যেওনা কখনো সৃষ্টির এপার ওপার।
যদি ভালো না লাগে বন্ধু ভেবে নিও এ গান এক
ভ্রান্তপথিকের দিকভ্রান্ততার চূড়ান্ত প্রমান।
ফিরে এসো ভালোবাসা
©সুজিত সাহু
---------------------
ভালোবাসা তুমি ফিরে এসো ভালোবাসার টানে
ফিরে এসো তুমি আবার হৃদয়ের গহীন কোনে।
ফিরে এসো নীল আকাশ প্রেমের কবিতায় ও গানে
ফিরে এসো ভালোবাসায় ভরা হৃদয়ের চিরন্তন টানে।
তোমার জন্য ছন্দহীন কবিতারা পায় নিজের ভাষা
তুমিই জগতের সৃষ্টি, সৃজনশীলতার ভরপুর আশা।
নৈসর্গিকতা , স্বপ্ন, প্রেম , আশা , ভরসা ও বৃষ্টি
কোন সে আলোর স্বপ্ন নিয়ে তোমার থেকে হয় সৃষ্টি।
শাশ্বত চিরন্তন ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে
নিজেকে বিলিয়ে ভালোবেসে ভালোবাসায় ভরে যে রাখে।
প্রেম ভালোবাসার পাখিগুলো ধরতে গেলেই উড়ে যায়
বিরহভূলে ভালোবাসার অনুরণন হয় আমাদের কবিতায়।
ভালোবাসার সুখটান নিতে অহরহ উদগ্রীব এই অন্তর
ভালবাসায় বেঁধে ঘর না জানি কতোনা হয়েছে দেশান্তর।
তবুও সৃষ্টির আদিকাল থেকে ভালবাসা থেকে যায়
আমাদের চিন্তা, ঘ্রান , সম্পর্ক , বিবেক ও মননশীলতায়।
প্রাণের সুরে ভালোবাসার স্নিগ্দ্ধ পরশে প্রাণ কেঁদে ওঠে
ভালোবাসায় ক্লান্ত হয়ে অন্তহীন বিরহী সুর কবিতায় জোটে।
ভালোবাসি গান কবিতা মানুষ প্রকৃতি যা আছে সবকিছুই
জ্যোৎস্না রাতের চাঁদনী তুমি হবো বিলীন একদিন তোমাতেই।
উদাসী বৃষ্টি
©সুজিত সাহু
--------------------
বৃষ্টি পরে খড়ের চালে বৃষ্টি পরে মনের ঘরে
বৃষ্টির উদাসী সুরে মন কেমন কেমন করে।
বৃষ্টি পরে কচু পাতায় বৃষ্টি পরে গুল্ম লতায়
বৃষ্টির এই অঝোর ধারায়, ভিজতে মন খুব চায়।
বৃষ্টিবাদলে একাকী ঘরে মনে পড়ে ছেলেবেলার কথা
কাগজের নৌকা ভাসিয়ে দিতাম মোরা কজন মিতা।
বৃষ্টির এই উদাসী দিনে মন ভেসে যায় দিগন্তের পানে
হারিয়ে গিয়ে নিজেকে পায় কোন সুদূরের টানে।
মনের মধ্যে বেজে ওঠে পুরানো দিনের সুর
স্মৃতিরা আজ না জানি কেন বড়ো বেদনাবিধুর।
এক সময় বৃষ্টি থামল, স্মৃতিগুলো জীবন পেলো
প্রকৃতির এই অপার সৌন্দর্যে মন ভরে গেলো।
আবার হবে বৃষ্টি, আবার তোমাতে ভিজবো সেদিন
তোমায় আমায় মিলে লেখা হবে এক নতুন দিন।

