সুবর্ণরেখা নদীকে নিয়ে লেখা কবিতা
অস্তরাগ
©সুজিত সাহু
---------------------
এইখানে ছিল এক নদী পাশে ছিল তার ঘাট
হাজার বছর ধরে সে বয়ে যেত কলকল করে
শিশুরা করতো খেলা আপনমনে ভুলে নিজ পাঠ।
হারিয়ে গেছে সে কলতান অগোচরে কালের গভীরে।
এই ঘাটে কত গৌতম একদিন স্নান করে হয়েছিল শুদ্ধ
দুপাশে দিগন্তজোড়া মাঠ তার আবেশে হয়েছিল বিশুদ্ধ।
নদী আছে ঘাট আছে শুধু সেই শুদ্ধ জলের অভাব।
অশুদ্ধ মানুষ খুব বেড়ে গেছে সারিবদ্ধ ভেকধারী মানুষ।
সেই খেয়া নেই, নেই সেই মাঝি সব আজ ফানুস।
নেই সেই বটগাছ, নেই সেই অমলিন গাছের দোলনা
কালের স্রোতে হারিয়ে গিয়ে স্মৃতির ভিড়ে তারা ফেলনা।
আছে সূর্যোদয় আছে সূর্যাস্ত নেই সেই মায়াভরা স্মৃতি
সবকিছু আজ লাগে বড়ো কৃত্রিম কল্পনার বিস্মৃতি।
মরানদী মরাস্রোত ছাড়িয়ে এখন বলে দাও যেতে হবে
অচিন দেশে কোনো এক নাম না জানা নদীর সন্ধানে।
যেখানে প্রকৃতি গাইবে গান সৃষ্টিসুখের উল্লাসে আপনমনে।
পারাপার
©সুজিত সাহু
-------------------------
নদীর এপার চেয়ে আছে ও পাড়ের পানে
মধ্যে সুবর্ণরেখা বয়ে যায় মোহনার টানে।
দুপারের মাঝে বয়ে চলে কতোনা খেয়া
শেষ হয়নি কি, আমাদের দেয়া-নেয়া?
হাত তুলে আছে, ওই পাড়ানি মেয়েটি
অপেক্ষায় আছে বিদায়ের শেষ খেয়া,
ডাকছে আমাকে হাঁকছে আমাকে
আমিই শেষের লোক।
মনের মধ্যে গভীর আবেশ, অস্তরাগের দ্বেষ
শ্লোক শেষ হলো, অন্ত-মিলেরও শেষ।
কাঁপছে নায়ের পাটাতন বুঝি
ছেড়ে যেতে উৎসুক।
আমি চলে গেলে এ পারে আঁধারে কেউ থাকবে না আর
সব ভেসে গেছে এবার তবে কি ভাসাবো অন্ধকার?
আলো-আঁধারির এই খেলা তবে আমাকে নিয়েই শেষ
আমার শরীর কাঁপছে যেমন কাঁপছে মোদের দেশ।
জঙ্গলের ঈশ্বর
©সুজিত সাহু
------------------------------
এই আলোছায়া ভরা আঁকাবাঁকা পথ কোন দিকে গেছে বেঁকে?
তপোবনের জঙ্গল ধরে শাল পিয়ালের পথে সুবর্ণরেখার দিকে
না রামেশ্বরের সবুজ গভীরে যেখানে আমার ক্লান্তির দীর্ঘশ্বাস
বর্ষণে সিক্ত করেছে কাঠের শুষ্কতা,ভেজা চোখে শান্তির নিশ্বাস।
সাপের জিভের চেরা ফলার মতো তার হর্ষিত মুখ এ পথে হারিয়েছে
আর্ত স্বর তুলে প্রার্থনার মতো এই পথ জানিনা কোন দিকে গেছে?
প্রত্যেক রাস্তাই প্রশ্নচিহ্নের মতো, তালুতে তার যবচিহ্নের ছায়া
জানি সব পথ শেষে মিলবে তোমায়, সবই তোমার মায়া।
বর্ষণমুখর কোন এক শান্তদিনে এপথে হয়তো হারাবো পথ আমি
পথের শেষে রইবে আমার প্রকৃতি ও পুরুষের বেশে অর্ধনারীশ্বর তুমি।
শুধু একটা পথের শেষে নদী, শুধু একটা পথের শেষে তুমি
শাল মহুয়ার পথ টানছে আমায় মোহ মায়ায় গন্তব্য যে তুমি।
ছায়ার পাথরে কাঁপছো তুমি জলের তলায় স্বচ্ছ বাতাসের স্তরে
রক্তপ্রবাহের নিচে সাঁতরাচ্ছে একটা সূচ যেন তোমার আমার অন্তরে।
তোমাকে সুতোর মতো পরাতে চাইছি গলায়, কিন্তু হারিয়েছো তুমি
এই পথ গেছে তোমাকে ভেদ করে রামেশ্বরের শিবে, তুমি অন্তর্যামী।
Sujit Sahoo All Right Reserved 2018👇
© https://www.facebook.com/sujitsahoonsec
© https://www.instagram.com/sujitkrsahoo
ᴬᶰʸ ᵘᶰᵃᵘᵗʰᵒʳᶦᶻᵉᵈ ʳᵉᵖʳᵒᵈᵘᶜᵗᶦᵒᶰ ᶦˢ ˢᵗʳᶦᶜᵗᶫʸ ᵖʳᵒʰᶦᵇᶦᵗᵉᵈ

