প্রতিবাদের কবিতা
সবুজের প্রতিশোধ
©সুজিত সাহু
---------------------------
সবুজ তুমি আছো থাকবে বেঁচে চিরটা কাল
সব অপমান ভুলে গড়বে নতুন সকাল।
সবুজ তুমি অবুজ মনের জাগ্রত দুটি চোখ
তুমি ভিতরে বাইরে মরা মানুষের মহাশোক।
সবুজ তুমি মনের গহীনে এক তীব্র রসবোধ
দিনে দিনে তোমার অবহেলা,এমনি নির্বোধ।
সবুজ তুমি নীল হলুদের এক চিরন্তন বোন
তোমাতে হয়েছে বিলীন সভ্যতা সর্বক্ষণ।
সবুজ তুমি ফিরে এসো মহাকাল হয়ে বারে বারে
ভাংগো গড়ো সভ্যতাকে নিজের মতো করে।
সবুজ আজ বিশ্বায়নের যুগে শুধু তোমারেযে চাই
তুমি ছাড়া সবকিছু বড়ো বে-রঙ্গিন যেন কিছু নাই।
সবুজ তোমার ছোঁয়ায়, তোমার ঘ্রানে সবকিছুকে ভরো
অপদার্থ হীনকর্মা সমাজটাকে ভেঙে নতুনকরে গড়ো।
সবুজ তুমি চিরসবুজ করেছ এ ধরা, সে কোন এক দিন
তোমার টানে তোমার গানে বুঝিয়ে দাও তুমি অন্তহীন।
সবুজের গান
©সুজিত সাহু
-----------------------
আমি দেখেছি সবুজের স্নিগধতা অনেক জন্ম ধরে
খাল বিল মাঠ ঘাট পথ প্রান্তর জুড়ে।
দেখেছি সবুজ পাতায় ভরা গাছেদের সারি
পল্লীর পথে আকাশের দিকে তাকিয়ে যেন দাঁড়িয়ে।
আমি খুঁজে পেয়েছি নিজেকে আমার নতুন করে
দিগন্তজোড়া সবুজে ভরা ফসলের প্রান্তরে।
মিশে গেছে তার অমলিন শাশ্বত ছোঁয়া
গাছের পাতায়, ধানের শীষে, ফসলের অন্তরে।
আমি দেখেছি ভোরের শিশির শরতের সকালে
আলতো করে ছুঁয়ে যায় সবুজ ঘাসের ডগায়।
দক্ষিনা সমীরণ তাতে দোল দিয়ে যায়
দিগন্তজোড়া সবুজ ক্ষেত নিজের সুরে গান গায়।
আমি দেখেছি সবুজকে নিয়ে হয়েছে কতোনা বিপ্লব
আজ কারা জেনে তার বুকে একে দিয়েছে লাল ক্ষত।
ওঠো জাগো বাঁচিয়ে তোলো মৃতপ্রায় এ সমাজটাকে
তোমার জন্য হয়েছে বলি প্রাণ কতোনা শত শত।
জেগে ওঠো প্রতিবাদ
©সুজিত সাহু
-------------------------------
প্রতিবাদ আজ তোমার ভাষা কোথায় যেন হারিয়ে গেছে
তোমার সূর্য তার তেজ হারিয়ে কি মাটির সাথে মিশেছে।
প্রতিবাদ তুমি ফিরে এসো আমাদের ঘরে ঘরে নতুন করে
নকশাল, নন্দীগ্রাম, জঙ্গলমহল, সিঙ্গুরের হাত ধরে।
প্রতিবাদ তুমি ফিরে এসো আমাদের আশায়, ভরসায়
চিন্তা, শিক্ষা, বিবেক, মনের গহিন অন্তর আত্মায়।
তুমি ফিরে এসো পিছিয়ে পড়া মানুষের হাত ধরে
বঞ্চিত যারা তারা ফিরে আসে যেন মানুষের অধিকারে।
বঞ্চিত করেছে তোমাকে যারা ছিনিয়ে নিয়েছে সম্মান
গীতার মন্ত্রে উজ্জীবিত হয়ে ওঠো তুমি সর্বশক্তিমান।
কালের ত্রিশূলে বিদ্ধ করো তাঁদের, করোনা ক্ষমা
কর্মই ধর্ম, তাঁদের মনে করিয়ে দাও তোমার গরিমা।
প্রতিবাদ শুরু করো তোমার প্রলয় রুদ্র হুঙ্কার
রক্তে শানিত হোক সংগ্রামের মর্মভেদী ঝংকার।
ফিরে এসো তুমি নেতাজি, ভগত, সূর্যসেনের বেশে
গড়ে তোলো নতুন সকাল, নতুন যৌবনের জোশে।
প্রতিবাদ হোক ব্যাক্তি আমির সাথে সামাজিক আমি
এভাবেই আজ সংগ্রামের ভাষা খুঁজে পাবে তুমি।
আজ তোমার পাঞ্চজন্য বেজে উঠুক নিজের ছন্দে
গেয়ে উঠুক গান সৃষ্টিসুখের উল্লাসে প্রলয় আনন্দে।
তোমার ত্রিনয়ন দিয়ে ধংস করো যত ধূসর কালো
নতুন সমাজ গড়ে তোলো ভরিয়ে তোমার আলো।
প্রতিবাদ তুমি জেগে ওঠো মনের গহীন অন্তর হতে
আত্মা অন্তর্লীন হোক তোমার সজীব ছোঁয়াতে।
প্রতিবাদ তোমার জ্বলে ওঠার অপেক্ষায় আছে সবাই
জানি তুমি আসবে ফিরে সেই আশায় দিন গুনে যাই।
Sujit Sahoo All Right Reserved'2018
স্বাধীনতা
©সুজিত সাহু
---------------------
স্বাধীনতা তুমি প্রেমের কবিতা মৃত্যুঞ্জয়ী জীবনের সোপান
বিদ্রোহী কবি কাজী নজরুলের গাহি সাম্যের গান
স্বাধীনতা তুমি বঙ্কিমচন্দ্রের চিরসবুজ বন্দেমাতরম গান।
বিশ্বকবি রবীন্দ্রনাথের জন গণ মন সুরের টান ।
স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের বুকভরা হাসি
বানভাসি সুখ তোমাতে মেলে কতনা পরবাসী।
স্বাধীনতা তুমি নেতাজির "তোমরা আমাকে রক্ত দাও"র সুর
তোমাতে বিলীন হলো যারা, তাদের স্মৃতি আজ বেদনাবিধুর।
স্বাধীনতা তুমি অন্ধকারের মধ্যে বেঁচে ওঠার আলো।
তোমাতে মিলিয়ে উঠবো বেঁচে ঘুচিয়ে সব কালো।
স্বাধীনতা তুমি নদীর তীরে বিকেলের শান্ত হাওয়ার পাল
কালবৈশাখীর ঝড় শেষে উঠবে জেগে নতুন সকাল।
স্বাধীনতা তুমি ফের দেশে দেশে বিদেশীর ভেসে
তুমি আসবে ফিরে আপন দেশে নতুন যৌবনের জোশে।
স্বাধীনতা তুমি পেটের ভাত, মুখের ভাষা জন্মগত অধিকার
কেড়ে নিলো যারা বিপ্লবের রক্তে তাদের হোক বিচার।
স্বাধীনতা তুমি বইছো মোদের ধমনী রক্ত শিরায়
তোমার মন্ত্রে উজ্জীবিত হয়ে তুমি শানিত হও মজ্জায় মজ্জায়।
স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির আঁচল
সব দুঃখ ভুলিয়ে দাও তুমি যেন কাশী মথুরা নীলাচল।
স্বাধীনতা তুমি বোনের হাতের পাতায় শুকনো মেহেদীর রঙ
ভাইয়ের হাতে নতুন নতুন রংবাহারি মোবাইলের ডং।
স্বাধীনতা তুমি যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা
সাজাবো তোমায় নিজের রঙে থাকবেনা কোনো ছুতা।
স্বাধীনতা তুমি আজ নিজেকে কি খুঁজে পাও দিকভ্রান্ত দিনে
তোমাকে বেচছে, লুটছে যারা পিশাচ ক্ষমতার টানে।
স্বাধীনতা তুমি জানি একদিন আসবে ফিরে গড়বে পুন্যভূমি
সকল দেশের রানী সে যে আমাদের এই জন্মভূমি।
Sujit Sahoo All Right Reserved 2018
ᴬᶰʸ ᵘᶰᵃᵘᵗʰᵒʳᶦᶻᵉᵈ ʳᵉᵖʳᵒᵈᵘᶜᵗᶦᵒᶰ ᶦˢ ˢᵗʳᶦᶜᵗᶫʸ ᵖʳᵒʰᶦᵇᶦᵗᵉᵈ
শিক্ষা
©সুজিত সাহু
--------------------
শিক্ষা কি, কেন প্রয়োজন এ নিয়ে প্রশ্ন হাজার হাজার
উত্তর খুঁজতে যেতে হবে সাত সমুদ্র তেরোণদীর ওপার।
তবুও সঠিক উত্তর কোনদিন খুজে পাবে কিনা জানিনা
নিজেকে চিনতে না পারলে কখনও উত্তর পাবেনা।
বেদের মতে শিক্ষা জ্ঞানের দ্বার, নিজেকে চেনা জানা
সত্যিকথা বলতে কি আজ অর্থ দিয়ে শিক্ষাকে হচ্ছে চেনা।
শিক্ষা ছাড়া নেই উপায়, করো আমরণ শিক্ষা গ্রহন
জীবন গড়তে শিক্ষা দরকার, শিক্ষা ছাড়া মরন।
ছোটবেলায় মায়ের হাতে হাতেখড়ি যে শিক্ষার
ধীরে ধীরে প্রকৃতির সাথে মিলেমিশে সে করে বিস্তার।
পরে শুরু হয় স্কুলের জীবন, মন খুঁজে পায় সুদূরের টান
অজানাকে জানা অচেনাকে চেনা, মন পায় নিজ প্রাণ।
শিক্ষার এই উষালগ্নে শিক্ষকেরা আমাদের ভাবতে শেখায়
যদিও আজ সে ভাবনা জন্মাবার আগে ভাবনাতেই মরে যায়।
কয়েক দশক ধরে বেনোজল এ পেশায় এসে করছে কলঙ্কিত
সমাজ দেশ জাতি বিবেক মনুষত্য আজ হচ্ছে আতঙ্কিত।
শিক্ষার সংজ্ঞাটাই আজ হারিয়ে যাচ্ছে ঘুষের শিক্ষার অতলে
মানসিকতা বিকশিত অর্থপ্রাচুর্যের গগনচুম্বী তালে তালে।
তবুও কিছু শিক্ষক থাকে উজ্জ্বল হয়ে স্মৃতির মণিকোঠায়
শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় তারা স্মৃতির সব দোটানায়।
যে শিক্ষা জাতির সম্পদ মানুষকে মানুষ করে দেয় আত্মজ্ঞান
অর্থপিপাসু চারিত্রহীনরা বেচছে শিক্ষা করছে অপমান।
শিক্ষার সাথে সাথে অবক্ষয় হয়েছে সমাজের ধীরে ধীরে
এভাবে চললে সমাজ থেকে সব হারিয়ে যাবে চিরতরে।
ফিরে এসো বাল্মীকি বিশ্বামিত্র ডিরোজিও নতুনের বেশে
হন্যে হয়ে ছন্নছাড়া সমাজ খুঁজছে তোমায় দেশে দেশে।
হে নবযৌবন খুঁজে নাও তোমরা তোমাদের আদর্শ গুরুদের
দাও সম্মান দাও শ্রদ্ধা সমাজ ছন্দ খুঁজে পাবে গৌরবের।
বিষণ্ন অন্ধকারাছন্ন দিনে স্মরণ করি সেই শিক্ষকদের
যাদের ছোঁয়ায় আমি ছন্দ খুঁজে পেয়েছি এই জীবনের।
শ্রদ্ধেয় তোমরা ছিলে আছো থাকবে বেঁচে স্মৃতিতে চিরকাল
ঘুচিয়ে মনের অন্ধকার তোমাদের স্মরণে গড়বো নতুন সকাল।
Sujit Sahoo All Right Reserved 2018
ᴬᶰʸ ᵘᶰᵃᵘᵗʰᵒʳᶦᶻᵉᵈ ʳᵉᵖʳᵒᵈᵘᶜᵗᶦᵒᶰ ᶦˢ ˢᵗʳᶦᶜᵗᶫʸ ᵖʳᵒʰᶦᵇᶦᵗᵉᵈ
আমার দূর্গা
©সুজিত সাহু
----------------------
তুমি কখনও দেবী দুর্গা, তুমি কখনও শ্যামা
সব রূপেতেই তুমি আমাদের সদা চিরন্তনী মা।
আজ তোমার মেয়েরা রাস্তায় যখন হয় লাঞ্ছিত
ফিরে এস শক্তি হয়ে দূর করো সব অবাঞ্চিত।
কখনও মা তুমি নিধন করছ শক্তিশালী অসুরের
বাঁচিয়ে রেখেছো শান্তি ও সাম্যাবস্থা এই জগতের।
আবার কখনো কালী হয়ে নাশ করো দুর্বৃত্তের
মুণ্ডচ্ছেদে প্রবাহ বহিয়ে তাজা রক্ত শোনিতের।
অসুরের তরে ত্রাহি রব যখন চারিদিকে ভয়ের
মা তুমি শক্তি হয়ে প্রতিষ্ঠা কর সত্য ও যথার্থের।
দমন করে অন্যায় উড়িয়ে ন্যায়ের বিজয় কেতন
দুর্বলকে দিচ্ছ মা তুমি বেঁচে থাকার অভয় চেতন।
ফিরে এসো তুমি শিবের শিবানী ,দাক্ষায়নী সতী হয়ে
তোমার আগমনে জগৎ উঠবে জেগে নতুন শক্তি লয়ে।
Writing Date - 17th July 2018
Sujit Sahoo All Right Reserved 2018👇
© https://www.facebook.com/sujitsahoonsec
© https://www.instagram.com/sujitkrsahoo
ᴬᶰʸ ᵘᶰᵃᵘᵗʰᵒʳᶦᶻᵉᵈ ʳᵉᵖʳᵒᵈᵘᶜᵗᶦᵒᶰ ᶦˢ ˢᵗʳᶦᶜᵗᶫʸ ᵖʳᵒʰᶦᵇᶦᵗᵉᵈ

